কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা ও ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় ধানের শীষের সিল মারা ৩৮টি ব্যালট জব্দ করে বাতিল করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন জানান, দুপুরের দিকে একদল লোক জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে তিনটি ভোটকক্ষে ঢুকে পড়ে।
তিনি আরো জানান, পরে ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয়। নিয়ম অনুযায়ী সেগুলো বাতিল হিসেবে গণ্য করা হয়েছে এবং পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে।
কারা এ ঘটনার সঙ্গে জড়িত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি প্রিজাইডিং অফিসার। বলেন, আমরা বাইরে থেকে দায়িত্ব পালনের জন্য এসেছি। যারা কেন্দ্রে প্রবেশ করেছিল, তাদের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না।
এ ঘটনার কারণে দুপুর ১টা ৩০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। পরে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, উদ্ধার হওয়া সিল মারা ব্যালটগুলো নষ্ট ব্যালট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


