ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আজ সবচেয়ে তীব্র হামলা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা জোরদার করায় আজকের দিনটি হবে ‘সবচেয়ে তীব্র আঘাতের দিন’। 

তবে গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক অস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানান তিনি।

এদিকে মার্কিন জেনারেল ড্যান কেইন তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের সময় নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।

 

সংঘাতের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, যৌথ বাহিনী তিনটি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করছে। এগুলো হলো— যুক্তরাষ্ট্রের স্বার্থকে হুমকির মুখে ফেলার আগেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা, ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে আঘাত হানা ও দুর্বল করা এবং ভবিষ্যতে বহু বছর ধরে যেন ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালাতে না পারে তা নিশ্চিত করা।

জেনারেল কেইন জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার ভাষায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা প্রায় ৯০ শতাংশ কমে গেছে।

 

তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের মাইন বসানোর সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই অভিযানকে তিনি ‘কঠিন ও নিরলস কাজ’ হিসেবে বর্ণনা করেন এবং পুরো অভিযানে যৌথ বাহিনীর পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেন।