NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১০


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৯ পিএম

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ক্রিভি রিহের আবাসিক ভবন ও গুদামে হামলার এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার ক্রিভি রিহের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক বলেছেন, অ্যাপার্টমেন্ট ব্লকে চারজন এবং গুদামে ছয়জন নিহত হয়েছেন। শহরটির মেয়র ওলেকজান্ডার ভিলকুল বলেছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও একজন আটকা রয়েছেন। আর হামলায় আহত হয়েছেন ২৮ জন। আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মধ্য-ইউক্রেনীয় ওই শহরে ভোর রাতে হামলার পর আবাসিক ভবন ও গুদামে ধোঁয়া উড়তে দেখা যায়। রয়টার্স বলছে, পুড়ে যাওয়া ভবনের বাইরে সেখানকার বাসিন্দারা কান্নাকাটি করছেন।

পাঁচ তলা আবাসিক ভবনের বাসিন্দা ওলহা চেরনোসোভা বলেন, তিনি প্রচণ্ড বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠেছেন। বিস্ফোরণের শব্দ অনেকটা বজ্রপাতের মতো শোনা যাচ্ছিল। ব্যাপক বিস্ফোরণের কারণে তিনি বিছানা থেকে ছিটকে পড়ে যান বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি সদর দরজায় দৌড়ে গেলাম, কিন্তু সেখানে প্রচণ্ড গরম... ভারী ধোঁয়া উড়ছিল।’

‘আমি কী করতে পারি? আমি বারান্দায় বসে ছিলাম, ভয়ে আমি জ্ঞান হারানোর মতো অবস্থা হয় আমার। দীর্ঘসময় পেরিয়ে গেলেও কেউ আসেনি... আমি ভেবেছিলাম আমাকে লাফিয়ে একটি গাছে যেতে হবে।’

বিস্ফোরণের ঘটনায় ভবনের চারপাশের রাস্তা এবং চত্বরে কাঁচ ও ইট ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। হামলায় অন্তত পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই ভবনের অন্য অংশের বাসিন্দা ইহোর লাভরেনেনকো বলেন, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, আমি প্রথম বিস্ফোরণের পরপরই জেগে উঠেছি। বিছানা থেকে নেমে সরাসরি বারান্দায় চলে যাই। তারপর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। আমি  বারান্দা থেকে ধ্বংসাবশেষ পড়ে যেতে দেখলাম।

ক্রিভি রিহ শহরে জন্মগ্রহণকারী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই হামলার নিন্দা জানিয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, রাশিয়ার খুনিরা আবাসিক ভবন, সাধারণ শহর এবং মানুষের বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তবে রাশিয়া তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরোমাত্রার আক্রমণ শুরু করার পর দেশটির বিভিন্ন শহরে বারবার হামলা চালিয়েছে রাশিয়া। যদিও ইউক্রেনের বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।