NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সাজিদ-নোমানের স্পিনে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০৩:৩১ পিএম

সাজিদ-নোমানের স্পিনে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান

মুলতান টেস্টে স্পিনারদের লড়াইটা দুর্দান্ত চলছে। এখন পর্যন্ত পড়া ৩২ উইকেটের ২৪টি নিয়েছেন পাকিস্তান-ইংল্যান্ডের স্পিনাররা। বাকি ৮ উইকেট পেয়েছেন পেসাররা। সেটিও আবার শুধু ইংল্যান্ডের পেসাররা।

 

পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলি এখনো পেস সতীর্থদের সঙ্গে উইকেট শেয়ার করেননি। দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের এখন পর্যন্ত পড়া ১২ উইকেটের সব কটি নিয়েছেন দুজনে। টেস্টের বাকি দুই দিন তারা নিজেদের ঘূর্ণি দেখিয়ে পাকিস্তানকে জেতাতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। উইকেট অবশ্য তাদের পক্ষেই কথা বলছে।

তবে সেটা জানতে অপেক্ষা করতে হলেও শুরুটা দুর্দান্ত করেছেন সাজিদ-নোমান।

 

ইংল্যান্ডকে ২৯৭ রানের লক্ষ্যে দিয়ে শুরুতেই পাকিস্তানকে দুটি উইকেট এনে দিয়েছেন সাজিদ-নোমান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেটকে (০) আউট করে শুরুটা করেন অফস্পিনার সাজিদ। আর তৃতীয় দিনের শেষ উইকেটটা নেন বাঁহাতি স্পিনার নোমান।

দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটের বিনিময়ে ৩৬ রান। এক ম্যাচ বাকি রেখে সিরিজ জিততে হলে শেষ দুই দিনে ২৬১ রান করতে হবে অধিনায়ক বেন স্টোকসের দলকে। ওলি পোপের ২১ রানের বিপরীতে ১২ রানে ক্রিজে আছেন জো রুট। মুলতান টেস্টে স্পিনারদের যে দাপট তাতে লক্ষ্য তাড়া করাটা বেশ চ্যালেঞ্জিং হবে ইংল্যান্ডের। জিততে হলে বাকি রান করতে হবে ৮ উইকেটের বিনিময়ে।

 

এর আগে তৃতীয় দিন শুরু করতে নেমে প্রথম ইনিংসেও সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষ বিকেলের ধাক্কাই তারা সামাল দিতে পারেনি। দ্বিতীয় দিন ১৪ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারানো ইংল্যান্ড আজ বাকি ৪ উইকেট হারিয়েছে ৫১ রানে। ৬ উইকেটে ২৩৯ রানে দিন শুরু করতে নেমে ২৯১ রানে অলআউট হয় তারা। সফরকারীদের শেষ ৪ উইকেটের ৩টিই নেন সাজিদ। বাকি উইকেট নেন নোমান। সব মিলিয়ে প্রথম ইনিংসে ৭ উইকেট নেন সাজিদ।

তবে ৭৫ রানের লিড নিয়ে পাকিস্তানও দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি। ৪৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। পাকিস্তানের তিন ব্যাটারকেই আউট করেন অফস্পিনার শোয়েব বশির। পরে তার সঙ্গে যোগ দেন আরেক স্পিনার জ্যাক লিচ। দুজনের স্পিন মায়াজালে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ২২১ রান করতে পারেন শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানরা।

এত রানও করতে পারত না পাকিস্তান, যদি সাতে নেমে ৬৩ রানের ইনিংস না খেলতেন সালমান আগা। এক প্রান্ত আগলে রেখে তার ফিফটিতেই পরে ইংল্যান্ডকে ২৯৭ রানের লক্ষ্যে দেয় পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসের সেরা বোলার বশির। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার লিচ নিয়েছেন ৩ উইকেট।