NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মার্চ ১৬, ২০২৬ | ১ চৈত্র ১৪৩২
Logo
logo

৬৮ মিটার দূর থেকে ইতিহাস গড়া গোল, বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

৬৮ মিটার দূর থেকে ইতিহাস গড়া গোল, বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

লা লিগার শিরোপা দৌড়ে এখন প্রতিটি ম্যাচই রিয়ালের জন্য বাঁচা-মরার লড়াই। এমন এক ম্যাচে গতকাল শনিবার রাতে এলচেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে একে নামিয়েছে রিয়াল।

তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রিয়ালের তুর্কি তরুণ মিডফিল্ডার আরদা গুলের।

ম্যাচের শেষ দিকে ৬৮ মিটার দূর থেকে অবিশ্বাস্য এক গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।

 

ম্যাচের ৮৯ মিনিটে নিজেদের অর্ধে বক্সের কিছুটা বাইরে প্রতিপক্ষের ভুল পাস থেকে বল পান গুলের। বল পায়ে সামান্য এগিয়ে হঠাৎই দূরপাল্লার শট নেন তিনি। প্রায় ৬৮ মিটার দূর থেকে নেওয়া সেই শটটি সামনে এগিয়ে থাকা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়।

গোলরক্ষক পেছনে ফিরে চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।

 

এই দৃশ্য দেখে ডাগআউটে দাঁড়িয়ে থাকা কোচ এবং গ্যালারির দর্শক—সবারই যেন চোখ কপালে ওঠে। রিয়ালের কোচ আলভারো আরবেলোয়াকে তখন বিস্ময়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইতিমধ্যে এই গোলকে বছরের সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ দেওয়ার দাবিও তুলেছেন।

 

পুরস্কার পাক বা না পাক, গুলেরের এই গোল ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে লা লিগার ইতিহাসে। লা লিগায় এটিই এখন যৌথভাবে সবচেয়ে দূর থেকে করা গোল। ২০০৪ সালে আন্তোনিও জোসে নুমানসিয়ার হয়ে সেভিয়ার বিপক্ষে সমান দূরত্ব থেকে গোল করেছিলেন।

এ ছাড়া ১৯৯৫ সালের পর এই প্রথম রিয়ালের কোনো ফুটবলার নিজেদের অর্ধ থেকে লা লিগায় গোল করলেন। সর্বশেষ অগাস্তিন লাসা ৫৮ মিটার দূর থেকে গোল করে সবাইকে তাক লাগিয়েছিলেন, যা এবার ছাড়িয়ে গেলেন গুলের।

 

গুলেরের এই গোল নিয়ে রিয়াল ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ বলেন, ‘আগের এক ম্যাচেও সে ওই জায়গা থেকে শট নিয়ে বারে লাগিয়েছিল। আজ গোল করে দেখাল—দারুণ গোল।’ কোচ আরবেলোয়া বলেন, ‘সবার হাত তখন মাথায় উঠে গিয়েছিল। শুধু এই গোলটা দেখার জন্যই টিকিট কেটে মাঠে আসা সার্থক।’

গুলেরের গোলের আগেই অবশ্য ম্যাচের ফল অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। ৩৯ মিনিটে আন্তোনিও রুডিগারের গোলে এগিয়ে যায় রিয়াল। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভের্দে। বিরতির পর ৬৬ মিনিটে ডিন হুইসেন গোল করে রিয়ালকে ৩–০ ব্যবধানে এগিয়ে দেন। ৮৫ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় এলচে। তবে শেষ মুহূর্তে গুলেরের গোলেই ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ের পর ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৬। অন্যদিকে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৭। আজ রাতে লা লিগার ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা।