জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার সময়ও চোখে সানগ্লাস রেখেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার এই স্বভাবসুলভ পোশাক ও সানগ্লাস এরই মধ্যে তার রাজনৈতিক পরিচয়ের অন্যতম অংশ হয়ে উঠেছে।

 

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ৩৬ বছর বয়সী বালেন শাহ জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলের পরিবেশ কীভাবে অস্থিতিশীল হয়ে পড়ছে, তা তুলে ধরেন। এ সময় তার পরনে ছিল কালো ব্লেজার, নেপালের ঐতিহ্যবাহী কালো টুপি এবং তার পরিচিত চওড়া কালো সানগ্লাস।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কখন এবং কীভাবে সানগ্লাস পরবেন—এ বিষয়ে বেশ সচেতন শাহ। সংসদের অধিবেশন, সরকারি অনুষ্ঠান, সামরিক কুচকাওয়াজ এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে ছবি তোলার সময়ও তিনি সানগ্লাস পরে থাকেন।

 

তবে মন্ত্রিসভার বৈঠক, ব্যক্তিগত আলোচনা কিংবা যৌথ বৈঠকের সময় তিনি সাধারণত সানগ্লাস পরেন না।

র‌্যাপার থেকে রাজনীতিতে আসা শাহের সংগীতজীবন থেকেই কালো সানগ্লাস তার পরিচিতির অংশ। রাজনৈতিক জীবনে প্রবেশের পরও তিনি এই চেহারা ধরে রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বেশি যোগাযোগ করেন এবং খুব কমই সাক্ষাৎকার বা সংবাদ সম্মেলনে কথা বলেন—যা তার ব্যক্তিত্বকে আরো রহস্যময় করে তুলেছে।

 

নেপালের জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজেও তার সানগ্লাসের জনপ্রিয়তার প্রভাব দেখা যায়। সেখানে ‘বালেন শাহ গ্লাসেস’ লিখে খুঁজলে তার স্টাইল অনুসরণ করে তৈরি বিভিন্ন ধরনের সানগ্লাস পাওয়া যায়।

২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে নেপালের রাজনৈতিক অঙ্গনে চমক তৈরি করেন শাহ। কালো স্যুট ও গাঢ় সানগ্লাস তার প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বাইরে থাকা একজন নতুন মুখের পরিচয়কে আরো দৃঢ় করে।

২০২৫ সালের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে আন্দোলনে কে পি শর্মা অলির সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও চলতি বছরের নির্বাচনী প্রচারে শাহ তার পরিচিত পোশাক ও সানগ্লাস ধরে রাখেন।