গোল, কান্না আর মাঠের নাটকীয় ফুটবলকে ছাপিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল যেন পরিণত হয়েছিল বিশ্বের সব শীর্ষ তারকাদের এক বিনোদন উৎসবে। ফুটবলের বিশ্বমঞ্চে বিশ্বখ্যাত পপ তারকা, হলিউড সুপারস্টার, ইন্টারনেট সেনসেশন ও ফুটবলের কিংবদন্তিদের উপস্থিতিতে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম (মেটলাইফ স্টেডিয়াম) এক ঐতিহাসিক মহাযজ্ঞের সাক্ষী হয়েছে।
ফাইনাল ম্যাচের প্রথমার্ধের বিরতিতে প্রথা ভেঙে আয়োজিত হয় ঐতিহাসিক এক হাফ-টাইম শো। ব্রাজিলের দুই বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনাল্ডো ও রোনালদিনহোর চালানো একটি ডুন বাগিতে চড়ে স্টেডিয়ামের টানেল দিয়ে জমকালো প্রবেশ করেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। এরপর তিনি তার ২০০০ সালের হিট গান ‘মিউজিক’-এর নতুন সংস্করণ গেয়ে মাতান। এরপরই জনপ্রিয় টিভি সিরিজ ‘টেড ল্যাসো’-র চরিত্র জেসন সুডেইকিস ও ব্রেন্ডন হান্টের মজার পরিচয়ের পর মঞ্চে আসেন জাস্টিন বিবার।
কনসার্টের গতি ও আসল উন্মাদনা ফিরিয়ে আনেন পপকুইন শাকিরা। নাইজেরিয়ান গায়ক বার্না বয় এবং উগান্ডার অনূর্ধ্ব তরুণ নাচের দল ‘ঘেটো কিডস’-কে সাথে নিয়ে টুর্নামেন্টের অফিসিয়াল গান ‘দাই দাই’ গেয়ে পুরো স্টেডিয়াম নাচিয়ে তোলেন তিনি। এরপর লাল-কালো পোশাকে বিটিএস তাদের বিশ্বব্যাপী জনপ্রিয় গান ‘ডিনামাইট’ গেয়ে পরিবেশনায় নতুন মাত্রা যোগ করে।
শুধু মিউজিক নয়, সাংস্কৃতিক মেলবন্ধনেও ছিল বৈচিত্র্যের ছোঁয়া। ঐতিহ্যবাহী ‘দ্য মাপ্পেটস’-এর অ্যানিমেলের ড্রামস এবং গুস্তাভো ডুডামেলের পরিচালনায় নিউ ইয়র্ক ফিলহারমোনিক অর্কেস্ট্রার ‘সেভেন নেশন আর্মি’ গানের সুর বিশ্ববাসীকে এক পরাবাস্তব মুহূর্ত উপহার দেয়। অন্যদিকে, সাদামাটা পোশাকে হলিউড সুপারস্টার টম ক্রুজের নাটকীয় ম্যাচ-পূর্ব ভাষণ এবং দুই দল স্পেন ও আর্জেন্টিনাকে পরিচয় করিয়ে দেওয়া গ্যালারিতে এনে দেয় আলাদা গাম্ভীর্য।
মাঠে আর্জেন্টিনা ও স্পেনের ঐতিহাসিক শিরোপা লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট, হলিউড, মিউজিক এবং ইন্টারনেট সংস্কৃতির শীর্ষ তারকাদের এই ঐতিহাসিক মেলবন্ধন ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালকে ফুটবল ইতিহাসের এক অনন্য ও চিরস্মরণীয় অধ্যায় হিসেবে খোদাই করে রাখল।


